Return to BahaiPrayers.net
Facebook
তোমার পবিত্র নাম মহিমান্বিত হউক, হে পরম প্রভু আমার ঈশ্বর। তুমি তিনিই যাহাকে সকলেই উপাসনা করে এবং যিনি কাহারও উপাসনা করেন না, যিনি সকলেরই প্রভু এবং কাহারও অধীনস্থ ভৃত্য নহেন, যিনি সকলকেই জানেন এবং যাঁহাকে কেহই জানে না। তুমি ইচ্ছা করিয়াছিলে লোকের নিকট নিজেকে পরিচিত করিতেঃ সুতরাং তুমি, তোমার মুখের একটি বাক্যের মধ্য দিয়া, সৃষ্টিকে সত্তায় আনয়ন করিয়াছিলে এবং বিশ্বজগৎকে গঠিত করিয়াছিলে। তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই। তুমি গঠনকারী, তুমি সৃষ্টিকর্তা, তুমি সর্বশক্তিমান, পরম ক্ষমতাশালী।
আমি তোমার নিকট মিনতি পুর্বক প্রার্থনা করিতেছি-তোমার ইচ্ছার দিকমন্ডলের উপর যে বাক্য উজ্জ্বলভাবে প্রকাশিত হইয়াছে, তাহারই মাধ্যমে যেন তুমি আমাকে সেই জীবন্ত স্রোতস্বতীর সলিল প্রচুর পরিমাণে পান করিতে সক্ষম কর যাহা দ্বারা তুমি তোমার মনোনীত জনগণের অন্তর পুনরুজ্জীবিত করিয়াছ এবং যাহারা তোমাকে ভালবাসে তাহাদের আত্মাগুলিকে জীবিত করিয়াছ, যেন আমি, সকল সময় ও সর্ব অবস্থায়, তোমারই দিকে সম্পুর্ণরূপে আমার মুখ ফিরাইতে পারি।
তুমি প্রভু, শক্তি, প্রভা ও দয়ার একমাত্র অধিকারী। তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই, তুমি সর্বোচ্চ অধিপতি, সর্বপ্রভাময়, সর্বজ্ঞ।
- Bahá'u'lláh