Return to BahaiPrayers.net
Facebook
হে আমার আল্লাহ্! হে আমার আল্লাহ্! সত্য সত্যই আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি এবং তোমার পবিত্র প্রাঙ্গনের সম্মুখে সানুনয় আবেদন করিতেছি, যেন এই সকল আত্মার উপর তোমার করুণারাশি অবতীর্ণ হয়। বিশিষ্টভাবে তাহাদিগকে তোমার অনুগ্রহ ও তোমার সত্য প্রদান কর। হে পরম প্রভু, অন্তরসমূহ মিলিত কর এবং ঐক্যসূত্রে আবদ্ধ কর, সকল আত্মাকে একই সমন্বয়ে মিলিত কর এবং তোমার পবিত্রতা ও একত্বের নিদর্শনসমূহের দ্বারা আত্মাসমূহকে প্রাণবন্ত কর। হে পরম প্রভু। তোমার একত্বের আলোক দ্বারা এই সকল আননকে উজ্জ্বল কর। তোমার রাজত্বের সেবা কার্যে তোমার সেবকদের কটিদেশ শক্তিশালী কর। হে পরম প্রভু। তুমি অসীম দয়ার অধিকারী। হে ক্ষমা ও মার্জনার পরম প্রভু। আমাদের পাপ ক্ষমা কর, আমাদের ত্রুটিসমূহ মার্জনা কর এবং তোমার অনুকম্পার রাজত্বের দিকে, তোমার শক্তি ও ক্ষমতার রাজত্বের নিকট সাহায্য প্রার্থনা করিয়া তোমার পবিত্র প্রাঙ্গনে বিনীতভাবে এবং তোমার প্রমাণসমূহের প্রভার সম্মুখে বিনম্রভাবে ফিরিতে দাও। হে পরম প্রভু আল্লাহ্ । আমাদিগকে সমুদ্রে তরঙ্গরাশির সদৃশ, উদ্যানের পুষ্পরাজির ন্যায় একতাবদ্ধ কর, তোমার প্রেমের দানসমূহের মধ্য দিয়া ঐক্য সূত্রে মিলিত কর। হে পরম প্রভু। তোমার একত্বের নিদর্শনাবলীর মাধ্যমে আমাদের বক্ষগুলি বিস্তৃত কর এবং মানবজাতির সকলকে প্রভার একই উচ্চস্থান হইতে দীপ্তিমান তারকাপুঞ্জের সদৃশ কর, যেন তাহারা তোমার জীবন বৃক্ষের উপরিস্থ পূর্ণাঙ্গ বর্ধমান ফলসমূহ। সত্য সত্যই, তুমি সর্ব শক্তিমান, স্বয়ং-সত্তাশীল, দাতা, ক্ষমাশীল, মার্জনাকারী, সর্বজ্ঞ, একক সৃষ্টিকর্তা।
- `Abdu'l-Bahá