Return to BahaiPrayers.net
Facebook
(যখন আপনি সভাকক্ষে প্রবেশ করিবেন, তখন এই প্রার্থনাটি ঈশ্বরের প্রেমে আপ্লুত হইয়া স্পন্দিত হৃদয়ে এবং ঈশ্বরের স্বরণ ব্যতীত অন্যান্য সকল কিছু হইতে বাক্শক্তিকে পবিত্র করিয়া পাঠ করিবেন যাহাতে সর্বশক্তিমান সর্বোচ্চ বিজয়ার্জনে আপনাকে করুণাবশত সাহায্য করিতে পারেন।)
হে ঈশ্বর, হে ঈশ্বর। এই শুভ দিনে, তোমা ছাড়া অন্য সকল সম্পর্ক বিসর্জন দিয়া, আমরা সেবক ভক্তিভাবে তোমার মুখপানে ফিরিয়াছি। চিন্তা ও মতামতের ঐক্যবোধ এবং উদ্দেশ্যের মতৈক্যের দ্বারা গ্রথিত হইয়া এই আধ্যাত্মিক সভায় তোমার মহিমা মানবজাতির সন্মুখে তুলিয়া ধরিতে সমবেত হইয়াছি। হে পরম প্রভু, আমাদের ঈশ্বর আমাদিগকে তোমার স্বর্গীয় পথ প্রদর্শনের উদাহরণ স্বরূপ কর, মানুষের মধ্যে তোমার অত্যুচ্চ ধর্মের আদর্শ স্বরূপ কর, তোমার শক্তিশালী নিয়মের সেবক কর। হে মহোত্তম প্রভু, ’আভা’ রাজ্যের পবিত্র ঐক্যের ন্যায় আমাদের একতার বোধ প্রস্ফুটিত কর এবং এমন নক্ষত্রস্বরূপ কর, যাহার কিরণে দেশ বিদেশ ঝলমল করিয়া উঠে। হে সর্বশক্তিমান, তোমার অলৌকিক মহিমার সমীরাঘাতে উর্মি উদ্বেলিত মহাসমুদ্রের মত, তোমার সর্ব কৃপাশীল উচ্চাসরে পদতল হইতে নামিয়া আসা নির্ঝরের মত, তোমার ঐশ্বরীয় ধর্ম বৃক্ষের বিশুদ্ধ ফল এবং তোমার কৃপার সুরভি সমীরে আন্দোলিত ঐশ্বরীয় দ্রাক্ষাক্ষেত্রের শাখাসমুহের মত হইতে আমাদের সাহায্য কর।
হে ঈশ্বর, আদেশ কর যেন আমাদের আত্মা তোমার পবিত্র একতার স্তবগানে নিযুক্ত থাকে। তোমার কৃপা-দৃষ্টিতে আমাদের হৃদয় উৎসাহিত কর। আমরা যেন একই সমুদ্রের বিভিন্ন তরঙ্গের মত একত্রে পুনরায় লীন হইতে এবং তোমার তেজস্বী প্রকাশের কিরণগুলির মত একে অন্যতে মিশিয়া যাইতে পারি। যাহাতে আমাদের বিচার, আমাদের মত, আমাদের চিন্তা সমস্ত জগতে ঐক্যের ভাব প্রকটিত করিয়া সত্যের মতই এক হইতে পারে।
তুমি কৃপাবান, উদার, সর্বশক্তিমান, তাপহারী দয়াময়।
- `Abdu'l-Bahá