Return to BahaiPrayers.net
Facebook
আমার দুঃখ দূর কর, তোমার বদান্যতা ও তোমার উদারতার সাহায্যে, হে সাহায্যকারী। তুমি আমাকে দেখিতে পাইতেছ, হে আমার প্রভু। যখন দুঃখ আমাকে চতুর্দিকে বেষ্টন করিয়াছে, তোমারই দিকে আমার মুখ স্থাপন করিয়া রহিয়াছি। আমি তোমার নিকট মিনতি পূর্বক প্রার্থনা করিতেছি, হে তুমি যিনি সকল সত্তার পরম প্রভু এবং যিনি সকল দৃশ্য ও অদৃশ্য বস্তুকে তোমার ছায়ায় আশ্রয় দ্বারা আবৃত করিয়াছ এবং তোমার নামের সহায়তায়, যাহা দ্বারা তুমি মানবের অন্তর ও আত্মাসমূহ বশীভূত করিয়াছ এবং তোমার করুণার মহাসাগরের তরঙ্গসমূহের সহায়তায় এবং তোমার বদান্যতার প্রভাতিক তারকার উজ্জ্বলতাসমূহের সাহায্যে, যেন তুমি আমাকে তাহাদের সহিত গণনা কর যাহাদিগকে কোন কিছুই তোমার দিকে তাহাদের মুখ স্থাপন করা হইতে নিবৃত্ত করে নাই, হে তুমি যিনি সকল নামের পরম প্রভু এবং স্বর্গসমূহের সৃষ্টিকর্তা।
তুমি দেখিতে পাইতেছ, হে আমার পরম প্রভু, তোমার দিবস সমূহে আমার উপর যে সকল বিপদ পতিত হইয়াছে। আমি তোমার নিকট মিনতিপূর্বক প্রার্থনা করিতেছি, তাঁহারই সহায়তায় যিনি তোমার নামাবলীর প্রভাতিক সূর্য ও তোমার গুণাবলীর উদয়-স্থল, যেন তুমি আমার জন্য তাহাই ব্যবস্থা কর যাহা তোমার সেবার জন্য দন্ডায়মান হইতে এবং তোমার গুণাবলীর উচ্চ প্রশংসা করিতে আমাকে সক্ষম করিবে। তুমি, সত্যই, সর্বশক্তিমান, পরম ক্ষমাশীল, যিনি সকল মানবের প্রার্থনাসমূহের উত্তরদিতে প্রস্তুত।
এবং অবশেষে, তোমার আননের আলোকের সহায়তায় আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, যেন তুমি আমার কার্যসমূহের জন্য আশীর্বাদ কর এবং আমার ঋণসমূহের দায় হইতে আমাকে মুক্তিদান কর এবং আমার অভাবসমূহ পুরণ কর। তুমি তিনিই যাঁহার শক্তি ও একাধিপত্য সমন্ধে প্রত্যেক ব্যক্তির রসনা সাক্ষ্য প্রদান করিয়াছে এবং যাঁহার মহিমা ও যাঁহার সর্বাধিনায়কতা প্রত্যেক উপলব্ধিসম্পন্ন অন্তর স্বীকার করিয়াছে। তুমি ব্যতীত অন্য উপাস্য নাই, তুমিই শ্রবণ কর এবং তুমিই প্রত্যুত্তর দিতে প্রস্তুত।
- Bahá'u'lláh