Return to BahaiPrayers.net
Facebook
তোমার জন্যই প্রভা, হে অনন্তের সম্রাট এবং জাতিসমূহের সৃষ্টিকর্তা এবং প্রত্যেক ধূমায়িত অস্থির পুনঃগঠনকারী। আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, তোমার সেই পরম নামের সহায়তায় যাহা দ্বারা তুমি মানবজাতিকে তোমার মহত্ত্বের ও প্রভার দিকমন্ডলের দিকে আহ্বান করিয়াছিলে এবং তোমার সেবকগণকে তোমার অনুকম্পা ও অনুগ্রহের প্রাঙ্গনের দিকে পরিচালিত করিয়াছিলে যেন তুমি আমাকে তাহাদের সহিত গণনা করিতে পার যাহারা তুমি স্বয়ং ব্যতীত আর প্রত্যেক কিছু হইতে নিজেদের মুক্ত করিয়া লইয়াছে এবং তোমারই দিকে ফিরিয়াছে এবং তোমার নির্বন্ধানুসারে তাহাদের উপর যে সকল বিপদ পতিত হইয়াছিল তাহা তোমার দানসমূহের দিকে প্রত্যাবর্তন করা হইতে তাহাদিগকে পশ্চাদপদ করে নাই।
হে আমার পরম প্রভু, আমি তোমার বদান্যতার হাতল ধরিয়া রহিয়াছি এবং দৃঢ়তার সহিত তোমার অনুগ্রহের পরিচ্ছদের অঞ্চল আঁকড়াইয়া ধরিয়া রহিয়াছি। অতঃপর তোমার উদারতার মেঘমালা হইতে আমার উপর তাহাই অবতরণ কর যাহা আমার নিকট হইতে তুমি ব্যতীত অপর সকলের স্মৃতি অপসারিত করিবে এবং আমাকে তাঁহার দিকে ফিরিতে সক্ষম করিবে যিনি মনুষ্য জাতির সকলের আরাধনার একমাত্র লক্ষ্য, যাঁহার বিরুদ্ধে ধর্মদ্রোহিতার উত্তেজনা প্রদানকারিগণকে শ্রেণীবদ্ধ করিয়া রাখা হইয়াছে, যাহারা তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছে এবং তোমাকে ও তোমার নিদর্শনাবলীকে অবিশ্বাস করিয়াছে।
হে আমার পরম প্রভু, তোমার দিবসসমূহে তোমার পরিচ্ছদের সৌরভসমূহ হইতে আমাকে বঞ্চিত করিও না এবং তোমার আননের আলোকের উজ্জ্বলতাসমূহের আবির্ভাব সময়ে তোমার অবতীর্ণ বাণীসমূহের নিঃশ্বাস-প্রশ্বাসসমূহ হইতে আমাকে নিরাশ করিও না। তুমি যাহা করিতে ইচ্ছা কর তাহা করিতে তুমি শক্তিশালী। কোন কিছুই তোমার ইচ্ছা-শক্তিকে প্রতিরোধ করিতে পারেনা, আর তোমার শক্তির সহায়তায় তুমি যাহা করিতে উদ্দেশ্য করিয়াছ কেহই তাহা ব্যর্থ করিতে পারে না।
তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই, তুমি সর্ব-শক্তিমান, তুমি সর্ব-বিজ্ঞ।
- Bahá'u'lláh