Return to BahaiPrayers.net
Facebook
সকল প্রশংসা তোমারই, হে পরম প্রভু, আমার ঈশ্বর। আমি তোমার সেই নামের সাহায্যে তোমার নিকট বিনীত প্রার্থনা করিতেছি, যেই নাম কেহই উপযুক্তরূপে চিনিতে পারে নাই এবং যাহার নিহিতার্থ কোন আত্মা হৃদয়ঙ্গম করিতে পারে নাই, আমি তাঁহারই সহায়তায় তোমার নিকট মিনতি করিতেছি যিনি তোমার প্রত্যাদেশ অবতরণের উৎস-মূল এবং তোমার নিদর্শনাবলীর প্রভাতিক-তারকা, যেন তুমি আমার অন্তরকে তোমার প্রেম ও তোমার স্মৃতির একটি আধাররূপে পরিণত কর। অতঃপর ইহাকে তোমার মহান মহাসাগরের সহিত সংযুক্ত কর, যেন ইহা হইতে তোমার বিজ্ঞতার জীবন্ত সলিল রাশি এবং তোমার গৌরব-গীতি ও প্রশংসা-গীতির স্বচ্ছ স্রোতস্বতীসমূহ প্রবাহিত হইতে পারে।
আমার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ তোমার একতার সাক্ষ্য প্রদান করে এবং আমার মস্তকের কেশ তোমার সর্বাধিপত্যের ও শক্তির প্রভাব ঘোষণা করিতেছে। সম্পূর্ণ আত্ম-বিলোপ ও সম্পূর্ণ আত্মোৎসর্গের সহিত তোমার অনুকস্পার দ্বারে দন্ডায়মান হইয়াছি এবং তোমার বদান্যতার অঞ্চল আঁকড়িয়া ধরিয়াছি এবং তোমার দয়ার দানের চক্রবালের উপর আমার চক্ষুদ্বয় স্থির নিবিষ্ট করিয়া রাখিয়াছি।
তুমি আমার ভাগ্যে তাহাই নির্দিষ্ট কর, হে আমার প্রভু, যাহা তোমার মহিমার মহত্ত্বের উপযুক্ত এবং তোমার বলবৎকারী অনুকম্পার সাহায্যে আমার আত্মাকে এইরূপ সাহায্য দান কর যেন আমি তোমার প্রত্যাদেশ ধর্ম এইরূপভাবে শিক্ষাদান করিতে পারি, যাহাতে মৃত ব্যক্তিগণ তাহাদের সমাধিসমূহ হইতে দ্রুত বহির্গত হইতে পারে এবং তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস ন্যস্ত করিয়া এবং প্রত্যাদেশ-ধর্মের উদয়-স্থান---প্রাচীর দিকে এবং তোমার প্রত্যাদেশ প্রকাশের উদয়স্থলের দিকে, তাহাদের দৃষ্টি দৃঢ়ভাবে নিবদ্ধ করিয়া তোমার দিকে দ্রুত অগ্রগামী হইতে পারে।
তুমি, সত্য সত্যই, পরম শক্তিশালী, পরম মহীয়ান, সর্বজ্ঞ, সর্ব-বিজ্ঞ।
- Bahá'u'lláh