Return to BahaiPrayers.net
Facebook
হে তুমি, যাহার ভয়ঙ্কর রাজকীয় ক্ষমতায় সকল বস্তু কম্পমান, যাহার হস্তমুষ্টিতে সকল লোকের বিষয়াদি বিদ্যমান, যাহার অনুগ্রহ ও করুণার দিকে তোমার সকল সৃষ্টজীবের মুখম-ল স্থাপিত রহিয়াছে ! তোমার সেই নামের দ্বারা আমি বিনীত অনুরোধ করিতেছি, যাহা তুমি সকল নামের আত্মা হইবার জন্য আদেশ করিয়াছ, যাহা নামাবলীর রাজত্বে বিদ্যমান। তাহাদের অপবাদ হইতে আমাদিগকে রক্ষা কর যাহারা তোমা হইতে বিমুখ হইয়াছে এবং এই প্রত্যাদেশে তোমার সর্বমহান সত্যকে এবং তোমার সর্ব প্রশংসিত সত্তাকে অস্বীকার করিয়াছে, যাহা তোমার নামাবলীর রাজত্বকে কম্পিত করিয়াছে।
আমি তোমার দাসীদের একজন, হে আমার পরম প্রভু !
আমি আমার মুখমন্ডল তোমার সদয় অনুগ্রহের অভয়স্থল ও তোমার মহিমার ভক্তিপূর্ণ উপাসনালয়ের দিকে ফিরাইয়াছি। আমাকে সেই সকল কিছু হইতে পবিত্র কর যাহা তোমার নহে এবং তোমাকে ভালোবাসিতে এবং তোমাকে তুষ্ট করিতে আমাকে শক্তি দাও, যেন আমি তোমার সৌন্দর্যের ধ্যানে নিজেকে আনন্দিত করিতে পারি এবং তোমার সৃষ্টজীবদের কাহারো প্রতি সকল আসক্তি হইতে নিজেকে মুক্ত করিতে পারি এবং যেন প্রতিটি মুহূর্তে ঘোষণা করিতে পারি: “ঈশ্বর উচ্চ-প্রশংসিত হউন, যিনি জগৎসমূহের পরম প্রভু!”
তোমার সুষমাকে আমার খাদ্য হইতে দাও, হে আমার পরম প্রভু এবং তোমার উপস্থিতির আলো আমার পানীয় এবং তোমার সন্তুষ্টি আমার আশা এবং তোমার প্রশংসা আমার কাজ এবং তোমার স্মরণ আমার সহচর এবং তোমার সার্বভৌম ক্ষমতা আমার সাহায্য, এবং তোমার গৃহ আমার বাসস্থান এবং আমার গৃহকে সেই আসনস্বরূপ কর যাহা তুমি তাহাদের সীমাবদ্ধতাসমূহের উর্দ্ধে মর্যদাসম্পন্ন করিয়াছ যাহারা তোমা হইতে যেন একটি পর্দা দ্বারা অবরুদ্ধ হইয়াছে।
তুমি, সত্যই, ক্ষমতা, শক্তি ও মহিমার ঈশ্বর।
- Bahá'u'lláh