Return to BahaiPrayers.net
Facebook
তিনি পরম দয়ালু, সর্ব বদান্যতাপূর্ণ।
সকল প্রশংসা ঈশ্বরের জন্য, তিনি প্রাচীন, তিনি চিরস্থায়ী অপরিবর্তনশীল, শাশ্বত-সনাতন। তিনি যিনি নিজের সত্তায় সাক্ষ্য প্রদান করিয়াছেন যে, তিনি, সত্য সত্যই, একক, অদ্বিতীয়, অব্যাহত, পরম মহিমান্বিত। আমরা সাক্ষ্য দিতেছি যে, সত্যই তিনি প্রভু ব্যতীত অন্য উপাস্য নাই। আমরা তাঁহার একত্ব স্বীকার করিতেছি, তাঁহার অদ্বিতীয়ত্ব মানিয়া লইতেছি। তিনি চিরকালই অনধিগম্য উচ্চতাসমূহে বাস করিয়াছে, তাঁহার উচ্চতার চুড়াসমূহে, তিনি ব্যতীত অন্য কিছুরই উল্লেখ হইতে তিনি পবিত্র, তিনি ব্যতীত অন্য যে কাহারও বর্ণনা হইতে তিনি মুক্ত।
এবং যখন তিনি মানবের প্রতি অনুকম্পা ও দয়া প্রদর্শন করিতে এবং পৃথিবীকে নিয়ম ও শৃংখলায় আনয়ন করিতে ইচ্ছা করিলেন, তখন তিনি ধর্ম-কর্মের আনুষ্ঠানিক কার্যসমূহ প্রকাশ করিলেন এবং আইন কানুন সৃষ্টি করিলেন, তাহাদের মধ্যে তিনি বিবাহের আইন বিধিবদ্ধ করিলেন, ইহাকে মানবের উন্নতি ও মুক্তির জন্য একটি দূর্গ সদৃশ করিলেন এবং তাঁহার পরম পবিত্র গ্রন্থে যাহা পরম পবিত্র স্বর্গ হইতে অবতীর্ণ করা হইয়াছিল, আমাদের প্রতি এই আদেশ দেওয়া হইয়াছিল। তিনি বলেন, তাঁহার মহিমা অতি শ্রেষ্ঠ, ‘‘হে লোক সকল তোমরা বিবাহ কর, যেন তোমাদের মধ্য হইতে এইরূপ এক সন্তান আবির্ভূত হইতে পারে যে আমার সেবকদের মধ্যে আমাকে স্মরণ করিবে, তোমাদের প্রতি আমার আদেশগুলির মধ্যে ইহা একটি আদেশ, ইহা মানিয়া চল, যেন ইহা তোমাদের জন্য একটি সহায়তা স্বরূপ হয়।’
- Bahá'u'lláh