Return to BahaiPrayers.net
Facebook
তিনিই ঈশ্বর! হে অতুলনীয় পরম প্রভু। তোমার সর্বশক্তিমান বিজ্ঞতায় তুমি জাতিসমূহের প্রতি বিবাহের আদেশ প্রদান করিয়াছ, যেন এই বর্তমান জগতে লোক বংশ পরম্পরাক্রমে, এক অন্যের অনুগামী হইতে পারে এবং যেন সর্বদা, যতদিন এই পৃথিবী স্থায়ী থাকিবে, তাহারা তোমার একতার প্রাঙ্গনে, তোমার সেবায় ও উপাসনায়, অভিবাদন, ভক্তি-আরাধনা ও প্রশংসায় রত থাকিতে পারে। “আমি জিন ও মানবকে (আর কিছুর জন্য) সৃষ্টি করি নাই কেবল (এই জন্য) যেন তাহারা আমার উপাসনা করে” (কোরআন ৫১-৫৬)। অতএব হে আল্লাহ্ !) তুমি তোমার করুণার স্বর্গে তোমার প্রেম-ভালবাসার নীড়ের এই দুইটি পক্ষীকে বিবাহ বন্ধনে আবদ্ধ কর এবং তাহাদিগকে চিরস্থায়ী অনুকম্পা আকর্ষণ করিবার উপায়স্বরূপ কর যেন প্রেমের এই দুইটি সাগরের মিলন হইতে দয়াশীলতার তরঙ্গ উত্থিত হইতে পারে এবং জীবন-সমুদ্রতটে পবিত্র ও সুন্দর সন্তান-সন্তুতি রূপ মুক্তাসমূহ নিক্ষেপ করিতে পারে। “তিনি দুইটি সমুদ্র মুক্ত ও প্রবাহমান করিয়া দিয়াছেন, যেন তাহারা পরস্পর মিলিত হয়; তাহাদের উভয়ের মধ্যে একটি প্রতিবন্ধক রহিয়াছে, যাহা তাহারা অতিক্রম করিতে পারেনা। তোমরা, তবে, তোমাদের পরম প্রভুর বদান্যতাসমূহের মধ্য হইতে কোন্ বদান্যতা অস্বীকার করিতেছ? তাহাদের প্রত্যেকটি হইতে তিনি মুক্তা ও মনিসমূহ বহির্গত করিয়া থাকে।” (কোরআন ৫৫-১৯-২২)
হে পরম দয়ালু প্রভু! তুমি এই বিবাহ-বন্ধনকে এইরূপ আশীষ প্রদান কর যেন ইহা প্রবাল ও মুক্তাসমূহের জন্মদান করিতে পারে। তুমি সত্যই সর্বশক্তিমান, পরম মহিয়ান, চির-ক্ষমাশীল।
- `Abdu'l-Bahá