Return to BahaiPrayers.net
Facebook
তুমি জানিতেছ, হে ঈশ্বর এবং আমার সাক্ষী, যে আমার হৃদয়ে তোমার শুভ-সন্তুষ্টি অর্জন করা, তোমার প্রতি দাসত্বে নিশ্চিত হওয়া, তোমার সেবায় নিজেকে উৎসর্গ করা, তোমার বিশাল দ্রাক্ষাক্ষেত্রে শ্রম দেয়া এবং তোমার পথে সকল কিছু উৎসর্গ করা ব্যতীত অন্য কোন আকাঙ্খা নাই। তুমি-ই সর্বজ্ঞ ও সর্বদর্শী। তোমার জন্য আমার ভালোবাসায় আমার পদক্ষেপসমূহ চালনা করা, পর্বত ও মরুভূমিগুলির উদ্দেশ্যে তোমার রাজত্বের আগমন উচ্চঃস্বরে ঘোষণা করা এবং তোমার আহ্বান সমগ্র মানবের মধ্যে তুলিয়া ধরা ব্যতীত আমার কোন ইচ্ছা নাই । হে ঈশ্বর! এই অসহায়ের জন্য পথ উন্মুক্ত কর, এই পীড়িত জনের জন্য নিরাময় অনুমোদন কর এবং এই রুগ্ন জনের উপর তোমার আরোগ্য প্রদান কর। জলন্ত হৃদয় ও অশ্রুপূর্ণ চক্ষু সহকারে আমি তোমার দ্বারপ্রান্তে তোমার নিকট মিনতি করিতেছি।
হে ঈশ্বর ! তোমার পথে যে কোন অগ্নিপরীক্ষা সহ্য করিতে আমি প্রস্তুত রহিয়াছি এবং যে কোন কষ্টকর পরিস্থিতি মোকাবিলা করিতে আমি সর্বান্তঃকরণে আকাঙ্খা করিতেছি।
হে ঈশ্বর ! পরীক্ষাসমূহ হইতে আমাকে রক্ষা কর। তুমি সম্পূর্ণভাবে অবগত রহিয়াছ যে, আমি সকল কিছু হইতে আমার মুখ ফিরাইয়াছি এবং সকল চিন্তা-ভাবনা হইতে নিজেকে মুক্ত করিয়াছি। তোমার উল্লেখ ব্যতীত আমার কোন পেশা নাই এবং তোমার সেবা ব্যতীত কোন আকাঙ্খা নাই।
- `Abdu'l-Bahá