Return to BahaiPrayers.net
Facebook
হে আমার প্রভু। এই তোমার সেবক এবং তোমার সেবকের সন্তান, যে তোমাকে বিশ্বাস করিয়াছে ও তোমার নিদর্শনে বিশ্বাস স্থাপন করিয়াছে এবং তুমি ব্যতীত সকল কিছু হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া তোমার দিকে মুখ ফিরাইয়াছে। প্রকৃতপক্ষে, তুমি তাহাদের নিকট সর্বকৃপাবান যাহারা কৃপা প্রদর্শন করে।
তাহার সস্পর্কে আস, হে তুমি যে মানুষের পাপ ক্ষমা করিয়াছে এবং তাহাদের ভুলভ্রান্তি গোপন করিয়াছে এবং তোমার বদান্যতার স্বর্গ ও কৃপাসমুদ্রের উপযুক্ত হইয়াছে। তোমার অত্যুৎকৃষ্ট কৃপামন্দিরে তাহাকে প্রবেশাধিকার প্রদান কর যাহা পূর্বে স্বর্গ-মর্তের ভিত্তি ছিল। তুমি ছাড়া অন্য কোন ঈশ্বর নাই, চির ক্ষমাশীল, সর্ব-উদার।
(তারপর তাহাকে ছয়বার ‘‘আল্লাহু আবহা’’ বলিতে হইবে এবং নিম্নের শ্লোকগুলির প্রত্যেকটি উনিশবার করে বলিতে হইবে।)
- আমরা সবাই প্রকৃত পক্ষে, ঈশ্বরের উপাসনা করি।
- আমরা সবাই প্রকৃত পক্ষে, ঈশ্বরের সন্মুখে মাথা নত করি।
- আমরা সবাই প্রকৃত পক্ষে, ঈশ্বরের পথে উৎসর্গীকৃত।
- আমরা সবাই প্রকৃত পক্ষে, ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করি।
- আমরা সবাই প্রকৃত পক্ষে, প্রভুতেই ধৈর্যশীল। -বাহা’উল্লাহ্
(যদি মৃতদেহটি মহিলা হয় তাহলে সেবকের স্থলে সেবিকা বলিতে হইবে)
প্রভা তোমারই জন্য, হে পরম প্রভু আমার ঈশ্বর। তোমার চিরস্থায়ী একাধিপত্যের শক্তি দ্বারা যাহাকে তুমি গৌরবান্বিত করিয়াছ, তাহাকে তোমার নিকট হইতে অধিক দূরে সরাইয়া লইও না। তুমি কি তাহাকে দূরে নিক্ষেপ করিবে, হে আমার প্রভু, যাহাকে তুমি তোমার আধিপত্যের ছায়া দ্বারা আবৃত করিয়াছ এবং তুমি কি তাহাকে তোমার নিকট হইতে বিতাড়িত করিবে, হে আমার বাঞ্ছিত, তুমি যাহার আশ্রয়স্থল হইয়াছ? তুমি যাহাকে উন্নত করিয়াছ তাহাকে কি হীনপদস্থ করিতে পার, অথবা তোমাকে স্মরণ করিবার জন্য যাহাকে সামর্থ্য দিয়াছিলে, তাহাকে কি তুমি ভুলিয়া যাইতে পার?
মহিমান্বিত তুমি, অপরিমেয়রূপে মহিমান্বিত তুমি। তুমি তিনিই যিনি অনন্তকাল হইতে সমগ্র সৃষ্টির সম্রাট এবং ইহার আদি কারণ এবং অনন্তকাল যাবৎ তুমি সমুদয় সৃষ্টির প্রভু এবং ইহার নিয়ামক থাকিবে। মহিমান্বিত তুমি, হে আমার প্রভু। যদি তুমি তোমার সেবকদের প্রতি করুণা প্রদর্শন করিতে বিরত হও, তবে কে তাহাদের প্রতি দয়া প্রদর্শন করিবে? এবং যদি তুমি তোমার প্রিয়জনদের সাহায্য করিতে অস্বীকার কর, তবে কে এইরূপ লোক আছে যে তাহাদের সাহায্য করিতে পারে?
মহিমান্বিত তুমি, অপরিমেয়রূপে মহিমান্বিত তুমি। তুমি তোমারই সত্যেই পূজিত হইতেছ এবং বাস্তবিক আমরা সকলে তোমারই উপাসনা করি।
তোমার ন্যায়বিচারেই তুমি প্রকাশিত এবং তোমার প্রতিই আমরা সকলে, সত্য সত্যই, সাক্ষ্যদান করিতেছি। তোমার করুণাতেই বাস্তবিক পক্ষে তুমি সকলের প্রিয়। তুমি ব্যতীত অন্য উপাস্য নাই, তুমি বিপদে বন্ধু, তুমি স্বয়ংসত্তা-বিশিষ্ট।
- Bahá'u'lláh