Return to BahaiPrayers.net
Facebook
(এই ফলকলিপি আব্দুল বাহা কর্তৃক অবতীর্ণ, তাঁহার সমাধি-স্থানে পঠিত হয়। ব্যক্তিগত প্রার্থনায়ও ইহা ব্যবহৃত হয়।)
‘যে এই প্রার্থনা নম্রতা ও আগ্রহের সহিত আবৃত্তি করে, সে এই ঐশী সেবকের (আব্দুল বাহার) অন্তরে আহল্লাদ ও আনন্দ আনয়ন করিবে। ইহার ফল এইরূপ হইবে যেন সে সামনা সামনি তাঁহার সাক্ষাৎকার লাভ করিবে।’
তিনি সর্ব-প্রভাময়।
হে প্রভু, আমার প্রভু । বিনীতভাবে ও অশ্রুভারাক্রান্ত অন্তরে, আমি তোমার সন্মুখে আমার অনুনয়কারী হস্তদ্বয় উত্তোলন করি এবং আমার আনন তোমার সেই আস্তানার ধূলি দ্বারা আবৃত করি, যাহা শিক্ষিত ব্যক্তিগণের জ্ঞানের এবং যাহারা তোমার গৌরবের প্রশংসা করে তাহাদের প্রশংসার অনেক উর্র্ধ্বে উন্নীত। অনুগ্রহ পুর্বক তোমার করুণার চক্ষুর দৃষ্টিপাত সহকারে তোমার সেবকের প্রতি অবলোকন কর, যেন তোমার দ্বারা নম্র ও বিনীত এবং তাহাকে তোমার চিরস্থায়ী অনুকম্পার মহাসাগরে নিমজ্জিত কর।
পরম প্রভু। সে তোমার একজন দরিদ্র ও বিনীত সেবক, তোমার দাসত্বাধীন ও তোমার নিকট সানুনয় প্রার্থনাকারী, তোমার উপর বিশ্বাস স্থাপন করিয়া তোমারই সন্মুখে অশ্রু সিক্ত, তোমাকে আহ্বান করিয়া এবং তোমার নিকট বিনীতভাবে প্রার্থনা করিয়া বলিতেছে:
হে আমার পরম প্রভু, আমার ঈশ্বর, তোমার প্রিয়জনের সেবা করিবার জন্য আমাকে তোমার অনুকম্পা দান কর, তোমার প্রতি আমার দাসত্বে আমার শক্তি বর্ধিত কর, তোমার পবিত্রতার প্রাঙ্গনে আরাধনার আলোকে এবং তোমার মহত্ত্বের রাজত্বের প্রতি প্রার্থনার আলোকে আমার আনন আলোকিত কর। তোমার দ্বারের স্বর্গীয় প্রবেশপথে আত্ম-স্বার্থহীন হইতে আমাকে সাহায্য কর এবং তোমার পবিত্র পরিবেশের মধ্যে সফল হইতে নির্লিপ্ত থাকিতে আমাকে সাহায্য কর। পরম প্রভু। আত্ম-স্বার্থ শূন্যতার পাত্র হইতে আমাকে পান করিতে দাও। আমাকে ইহারই পরিচ্ছদ পরিধান করাও এবং ইহারই মহাসাগরে আমাকে নিমজ্জিত কর। তোমার প্রিয় ব্যক্তিদের পথে আমাকে ধূলি সাদৃশ কর, এবং এই অধিকার আমাকে প্রদান কর, যেন আমি, তোমার পথে তোমার মনোনীতগণের পদক্ষেপ দ্বারা মর্যাদাসম্পন্ন মৃত্তিকার জন্য, আমার আত্মাকে উৎসর্গ করিতে পারি, হে উচ্চতম স্বর্গের প্রভার পরম প্রভু।
এই প্রার্থনা সহকারে তোমার সেবক তোমাকে আহ্বান করিতেছে, প্রভাতে ও রাত্রিকালে। তাহার অন্তরের বাঞ্ছা পূর্ণ কর, হে পরম প্রভু। তাহার অন্তর আলোকিত কর, তাহার বক্ষঃস্থল উল্লসিত কর, তাহার আলোক প্রজ্বলিত কর, যেন সে তোমার ধর্মের ও তোমার সেবকগণের সেবা করিতে পারে।
তুমিই দাতা, তুমিই দয়ালু, তুমি পরম দানশীল, তুমি অনুকম্পাশীল, তুমি কৃপাময়, তুমি পরম করুণাময়।
- `Abdu'l-Bahá