Return to BahaiPrayers.net
Facebook
পবিত্র আক্বদাস গ্রন্থ এই আদেশ দান করিতেছেঃ “তোমরা পুরুষ ও স্ত্রীলোক বয়ঃপ্রাপ্তির (১৬ বৎসরে পদার্পণের) প্রারম্ভ-কাল হইতে আমরা তোমাদের জন্য উপবাস ও উপাসনা বাধ্যতামূলক করিয়াছি। তোমাদের পরম প্রভু ও তোমাদের পূর্ব পুরুষদের পরম প্রভু কর্তৃক ইহা আদেশ করা হইয়াছে’’ কিতাবে আক্বদাস, ২৩ শ্লোক।
“হে মহিমান্বিত লেখনী। বলঃ হে পৃথিবীর নেতৃবৃন্দ তোমাদের জন্য নির্দিষ্ট সংখ্যক (উনিশ) দিনের উপবাস বাধ্যতামূলক করিয়াছি এবং ইহা পরিসমাপ্তির পর নও-রোজকে (নব-বর্ষের প্রথম দিনকে) তোমাদের জন্য একটি পর্ব-দিন রূপে নির্দিষ্ট করিয়াছি।’’ কিতাবে আক্বদাস, ৪৫ শ্লোক।
“ভ্রমনণকারী, পীড়িত ব্যক্তি, গর্ভবতী নারী ও স্তন্যদানকারিণী নারীর উপবাস বাধ্যতামূলক নহে এবং তাহারা উপবাস মাস পালন না করিলে কোন দোষ নাই। ঈশ্বর নিজ অনুকম্পায় তাহাদিগকে ক্ষমা করেন, নিশ্চয় তিনি অতি শক্তিশালী ও অতি দানশীল।’’ কিতাবে আক্বদাস, ৪৬ শ্লোক।
“এই উনিশ দিন যাবৎ প্রত্যহ সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় হইতে নিজেদের বিরত রাখ এবং সাবধান হও, পাছে পবিত্র গ্রন্থে নির্ধারিত ও মহান অনুগ্রহ হইতে তোমাদের বাসনা তোমদিগকে বঞ্চিত করে।’’ কিতাবে আক্বদাস, ৪৭ শ্লোক।
তোমার জন্য সর্ব প্রশংসা, হে পরম প্রভু, আমার ঈশ্বর। আমি তোমার নিকট বিনীতভাবে প্রার্থনা করিতেছি, এই অবতীর্ণ বাণীর মাধ্যমে যাহা দ্বারা অন্ধকারকে আলোকে পরিণত করা হইয়াছে, যাহার মাধ্যমে প্রায় সর্ব সময়ে ব্যবহৃত ধর্ম মন্দির নির্মিত হইয়াছে এবং লিখিত ফলকলিপি অবতীর্ণ করা হইয়াছে এবং বিস্তৃত তালিকা খোলা হইয়াছে, যেন আমার উপর এবং যাহারা সংগে আছে তাহাদের উপর তাহাই প্রেরিত হয় যাহা আমাদিগকে তোমার অত্যুৎকৃষ্ট প্রভার স্বর্গসমূহে উড্ডীয়মান হইতে সক্ষম করিবে এবং আমাদিগকে সেইরূপ সন্দেহসমূহের কলঙ্ক হইতে মুক্ত করিবে যাহা সন্দিগ্ধ ব্যক্তিগণকে তোমার একত্বের মন্দিরে প্রবেশাধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়াছে।
আমি সেই একক ব্যক্তি, হে আমার পরম প্রভু, যে তোমার সস্নেহ সহানুভূতির রজ্জু সুদৃঢ়ভাবে ধারণ করিয়া রহিয়াছে এবং তোমার করুণা ও অনুগ্রহ সমুহের বস্ত্রাঞ্চল আঁকড়াইয়া ধরিয়াছে। তুমি আমার জন্য ও আমার প্রিয়জনগণের জন্য এই পৃথিবীর ও পরবর্তী পৃথিবীর মঙ্গলের ব্যবস্থা কর। অতঃপর তাহাদিগকে সেই গুপ্ত উপহার প্রদান কর, যাহা তুমি তোমার সৃষ্ট জীবদের মধ্যস্থ তোমার নির্বাচিতদের মধ্যে যাহারা শ্রেষ্ঠ তাহাদের জন্য নির্দিষ্ট করিয়াছ।
হে আমার পরম প্রভু, এই গুলি ঐ দিবস যে দিবসসমূহে তুমি তোমার সেবকগণকে উপবাস প্রতিপালন করিতে আদেশ দান করিয়াছ, কতই সৌভাগ্যবান সে, যে উপবাস সমন্ধে তোমার আদেশ প্রতিপালন করে এবং যে সম্পূর্ণরূপে তোমারই জন্য, তুমি ব্যতীত আর সকল দ্রব্য হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়াছে। আমাকে সাহায্য কর এবং তাহাদের সাহায্য কর, হে আমার পরম প্রভু, তোমার আদেশ প্রতিপালন করিতে এবং তোমার উপদেশানুসারে চলিতে। সত্যই তুমি যাহা মনোনীত কর তাহা করিতে তুমি সক্ষম।
তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই, তুমি সর্বজ্ঞ, সর্ব বিজ্ঞ, সকল প্রশংসা ঈশ্বরেরই, সর্ব-বিশ্বের পরম প্রভু।
- Bahá'u'lláh