Return to BahaiPrayers.net
Facebook
(রিজওয়ানের উৎসব, এপ্রিল ২১ - মে ২ পর্যন্ত, তাঁহার অনুসারীদের প্রতি বাহা’উল্লাহ্র দৌত্যের ঘোষণাকে স্মরণীয় করে। বাহা’উলাহ ইহাকে “উৎসবসমূহের রাজা” হিসাবে ঘোষণা করিয়াছেন এবং কিতাব-ই-আক্বদাসে ইহার সম্বন্ধে সেই দিবসরূপে উল্লেখ করিয়াছেন যখন “সমগ্র সৃষ্টবস্তুকে পরিশোধনের সাগরে নিমজ্জিত করা হইয়াছিল।’’ )
স্বর্গীয় বসন্তকাল আসিয়াছে, হে সর্বাধিক উচ্চপ্রশংসিত লেখনী, যেহেতু পরম করূণাময়ের উৎসব দ্রুত নিকটবর্তী হইতেছে। নিজেকে জাগ্রত ও সচল কর এবং সমগ্র সৃষ্টির সম্মুখে ঈশ্বরের নাম উচ্চ-প্রশংসিত কর এবং এইরূপে তাঁহার প্রশংসা উদযাপন কর যেন সকল সৃষ্টবস্তু নবজীবন লাভ করিতে পারে এবং নতুন হইতে পারে। কথা বল এবং নিজেকে নিরব রাখিও না। পরম সুখের দিবস তারকা আমাদের নামের দিকচক্রবালের উপর দীপ্তিমান রহিয়াছে, পরম সুখ, যেহেতু, ঈশ্বরের নামের রাজত্ব তোমার পরম প্রভুর নামের অলঙ্কার দ্বারা সজ্জিত হইয়াছে, যিনি স্বর্গসমূহের সৃষ্টিকর্তা। পৃথিবীর জাতিসমূহের সম্মুখে উত্থিত হও এবং এই সর্ব মহান নামের শক্তি দ্বারা নিজেকে সজ্জিত কর এবং তাহাদের মধ্যে গণ্য হইও না যাহারা অপেক্ষা করে...
এই সেই দিবস যেই দিবসে অদৃশ্য জগৎ চিৎকার করিয়া বলিয়াছে: “মহান তোমার পরমানন্দ, হে পৃথিবী, কারণ তোমাকে তোমার ঈশ্বরের পাদপীঠ করা হইয়াছে এবং তাঁহার পরাক্রমশালী সিংহাসনের আসনরূপে মনোনীত করা হইয়াছে।” মহিমার রাজ্য উচ্চঃস্বরে বলিয়াছে : তোমার জন্য আমার জীবন উৎসর্গ করিতে পারি, যেহেতু তিনি, যিনি পরম করুণাময়ের প্রিয়তম, তোমার উপর তাহার একাধিপত্য প্রতিষ্ঠা করিয়াছেন, তাঁহার নামের শক্তির মাধ্যমে সকল বস্তুর নিকট যাহা প্রতিশ্রুত হইয়াছে, হোক না তাহা অতীতের অথবা ভবিষ্যতের।” ......
পরম প্রিয়জন আসিয়াছেন। তাঁহার দক্ষিণ হস্তে তাঁহার নামের সুরক্ষিত মদিরা রহিয়াছে। সুখী সেইজন যে তাঁহার দিকে মুখ ফিরায় এবং তাহার পূর্ণ পরিমাণ পান করে এবং উচ্চঃস্বরে বলে : “প্রশংসা তোমারই, হে ঈশ্বরের নিদর্শনসমূহের প্রকাশক !” সর্বশক্তিমানের ন্যায়পরায়ণতার শপথ ! সত্যের শক্তির মাধ্যমে প্রতিটি নিহিত বস্তু প্রকাশিত করা হইয়াছে। ঈশ্বরের করুণার প্রমাণস্বরূপ তাঁহার সকল অনুগ্রহ প্রেরিত হইয়াছে। মানবের প্রতি চিরস্থায়ী জীবনের সলিলসমূহ, উহাদের পরিপূর্ণতায় প্রদত্ত হইয়াছে। প্রতিটি পেয়ালা পরম প্রিয়তমের হস্ত দ্বারা সর্বত্র বাহিত হইয়াছে । নিকটবর্তী হও, এবং অপেক্ষা করিও না, তাহা যদি একটি সংক্ষিপ্ত মুহূর্তের জন্যও হয়ে থাকে ....
অত্যধিক আনন্দ সহকারে উৎসব মুখরিত হও, হে বাহা’র জনমন্ডলী, যখন তোমরা পরম সুখের দিবসটি স্মরণ করিতে আহ্বান কর, সেই দিবস যাহার সম্বন্ধে দিবসসমূহের প্রাচীনের জিহ্বা সাক্ষ্য দিয়াছে, যখন তিনি তাঁহার গৃহ হইতে প্রস্থান করিলেন, সেই স্থানটির দিকে অগ্রসর হইলেন যেখান হইতে তিনি সমগ্র সৃষ্টির উপর তাঁহার নামের উজ্জ্বলদীপ্তি ছড়াইয়া দিলেন, যিনি পরম করুণাময়। ঈশ্বর আমাদের সাক্ষী। যদি আমরা ঐ দিবসের নিহিত গূঢ় তাৎপর্য প্রকাশ করিতাম, যাহারা পৃথিবীতে ও স্বর্গসমূহে বসবাস করিতেছে তাহাদের সকলে মূর্ছা যাইত এবং মৃত্যুবরণ করিত, তাহারা ব্যতীত যাহারা ঈশ্বর কর্তৃক সুরক্ষিত থাকিবে, যিনি সর্ব-শক্তিমান, সর্বজ্ঞ, সর্ব বিজ্ঞ।
যিনি তাঁহার সন্দেহাতীত প্রমাণসমূহের প্রকাশক তাঁহার উপর ঈশ্বরের বাণীর মাতালকারী প্রভাব এইরূপ যে তাঁহার লেখনী আর সঞ্চালনে অপারগ, তিনি এই বাণী সহকারে তাঁহার ফলকলিপির উপসংহার করিতেছেন: আমি ব্যতীত আর কোন ঈশ্বর নাই, যিনি সর্বাধিক উচ্চপ্রশংসিত, সর্ব-শক্তিমান, শ্রেষ্ঠতম, সর্বজ্ঞ।
- Bahá'u'lláh