Return   Facebook

The Universal House of Justice

Ridván 2026

To the Bahá’ís of the World

Dearly loved Friends,

এবার নয় বর্ষীয় পরিকল্পনার দ্বিতীয় ও বৃহত্তর পর্যায়ের সূচনা হল। আমরা লক্ষ্য করছি যে বিশ্বব্যাপী বাহা'ই সম্প্রদায় সমন্বিতভাবে, নিজেদের নির্ধারিত পথে পূর্ণ বিশ্বাস নিয়ে অগ্রসর হচ্ছে। এই পথের স্পষ্টতা ও প্রত্যয়ের বিষয়ে ভুল হওয়ার কোন অবকাশ নেই। বিশ্বের ক্রমবর্ধমান অস্থিরতার কারণে বিচলিত না হয়ে, এই সম্প্রদায় তার পবিত্র কর্তব্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত রেখেছে। এটি দেখে আমরা বিশেষভাবে আনন্দিত যে, প্রভুধর্মে সেবা ও কর্মকাণ্ডের ক্ষেত্রে অভিজ্ঞ বিশ্বাসীদের পাশাপাশি নতুন বিশ্বাসীরাও আগ্রহের সাথে নিজেদের দায়িত্ব পালন করছেন। তৃতীয় মাইলফলকের ক্লাস্টারগুলি সমৃদ্ধ অভিজ্ঞতার উর্বর ভূমিরূপে প্রমাণিত হচ্ছে, যা আমাদের সংগ্রহ ও বিতরণ করতে হবে। আমরা দেখে প্রসন্ন হয়েছি যে, ডিসেম্বর মাসে এখানে সমবেত কাউন্সেলরদের উদ্দেশ্যে দেওয়া আমাদের বার্তাটির উপর বন্ধুরা সকল স্থানে অনুচিন্তন করেছেন এবং নিজেদের পরিকল্পনা ও কর্মকাণ্ডে সেই বার্তার বিষয়বস্তুকে কাজে লাগিয়েছেন।

এই উদ্দেশ্যপূর্ণ চেতনা বিশেষভাবে স্পষ্ট হয়ে উঠেছে বিশ্বের নানা প্রান্তে আয়োজিত ইনস্টিটিউশন্যাল সমাবেশগুলিতে। বারংবার এই সমাবেশগুলি থেকে একই ঘটনার বিবরণ প্রতিবেদিত হয়েছে: যা হলো অনুমান অথবা তত্ত্বকথার বদলে স্পন্দনশীল সম্প্রদায় নির্মাণের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠা এক সুগভীর, অন্তর্দৃষ্টিপূর্ণ কথোপকথন। প্রতিটি জায়গায় শিক্ষা গ্রহণের চলমান প্রক্রিয়া দ্বারা এই কথোপকথন প্রাণবন্ত হয়ে উঠেছে। বাহা'ই সম্প্রদায়ের প্রচেষ্টাসমূহ, এবং মরিয়াভাবে দিশা খুঁজে চলা এক বিপর্যস্ত বিশ্বের উপর সেই প্রচেষ্টাগুলির প্রভাবের গুরুত্বের গভীরতর স্বীকৃতি দ্বারা এই কথোপকথন পরিপূর্ণ। এই কথোপকথনে একটি দায়িত্ববোধ ও স্থির সংকল্প ব্যাপকভাবে অনুভূত হচ্ছে, এবং তাতে বর্তমান কর্তব্যের ব্যাপ্তি সম্পর্কে এক প্রখর সচেতনতা বিদ্যমান। প্রায়শই, এই কথোপকথন একটি অতিরিক্ত, পরিপূরক দৃষ্টিভঙ্গি উন্মুক্ত করে যা সম্প্রদায় ও ব্যক্তিদের প্রচেষ্টাগুলিকে শুধুমাত্র কর্মসূচি ও প্রকল্পের অনুসরণ হিসেবেই নয়, বরং সেগুলিকে দিব্য শিক্ষাবলীর আদলে গঠিত এক জীবন পদ্ধতির চর্চা হিসেবে স্বীকৃতি দেয়—যা কর্মকাণ্ড, পারস্পরিক মিথস্ক্রিয়া ও আকাঙ্ক্ষাগুলিকে রূপায়িত করে।

শিক্ষা গ্রহণের অঙ্গীকারবদ্ধতাকে প্রতিফলিত করা এই একই আন্তরিক কথোপকথনকে জাতীয় ও আঞ্চলিক স্তর থেকে শুরু করে গ্রাম ও মহল্লার স্তর পর্যন্ত সমগ্র সম্প্রদায় জুড়ে অগ্রসর করা হচ্ছে, যার অন্তর্গত হল প্রতিষ্ঠানসমূহ দ্বারা আয়োজিত সমাবেশগুলি এবং অন্যান্য উদীয়মান পরিসরগুলি। নিশ্চিতভাবেই এটি জাতীয় কনভেনশনগুলিরও একটি বৈশিষ্ট্য হবে। এই কথোপকথন বিস্তারলাভ করার সাথে সাথে ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মকাণ্ডের প্যাটার্নগুলিকে শক্তিশালী ও প্রসারিত হতে দেখার জন্য আমরা সাগ্রহে অপেক্ষা করছি। বরাবরের মতো, এটি এমন একটি কথোপকথন যা বিস্তৃত করতে হবে সেইসব বন্ধু, প্রতিবেশী এবং অন্যান্য সমমনস্ক আত্মাদের ক্রমবর্ধনশীল বৃত্তগুলিতে যারা মানবতার একত্বের ভিত্তির উপর স্থাপিত আধ্যাত্মিক ও বস্তুগত প্রগতি আনয়নের প্রচেষ্টার সাথে একাত্মতা অনুভব করেন। এই কথোপকথনকে আরও বিস্তৃত করার উদ্দেশ্যে সৃষ্ট পরিসরগুলি—তা সেগুলি স্বতঃস্ফূর্তই হোক বা দীর্ঘকাল আগে থেকে পরিকল্পিত—তা সমাজের সাথে গভীরতর সম্পৃক্ততার একটি ইঙ্গিত, এবং আমরা আশা করি যে সেগুলি ক্রমশ আরো প্রচলিত হয়ে উঠবে।

বৃহত্তর সমাজে যারা তৃণমূল স্তরে চলা বাহা'ই কার্যকলাপের সংস্পর্শে আসেন তাদের অনেকেই এই কার্যকলাপের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি দেখে অভিভূত হন: এটি সকলের মঙ্গলের জন্য একটি আন্তরিক উদ্বেগ থেকে উৎসারিত, এটি ঐক্য ও সেবার অভিমুখী, এবং এটি সুস্পষ্ট নীতিমালা অনুসরণ করা সত্ত্বেও সকল সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদানের দাবি করে না। যৌথ প্রয়াসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাহা'ইরা সকলের সাথে সহযোগিতার মাধ্যমে একসাথে শিখতে আগ্রহী হয়; এবং সমাজের কর্তৃপক্ষ ও দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সাথে তারা যে সম্পর্ক গড়ে তোলে, সেখানে তারা আন্তরিক ও স্পষ্টদৃষ্টিসম্পন্ন। তারা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বা কায়েমী স্বার্থ ছাড়াই সামাজিক পরিবর্তনের চেষ্টা করেন, এবং তারা এটি স্বীকার করেন যে, প্রভুধর্মের সুপরিচিতি বৃদ্ধির সাথে সাথে এর প্রকৃত চরিত্র ও লক্ষ্যসমূহ যাতে সঠিকভাবে বোঝা যায়, তা সুনিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেক স্থানেই সমাজের সাথে সম্প্রদায়ের মিথস্ক্রিয়ার ক্রমবর্ধমান গভীরতার অর্থ হলো—অনিবার্যভাবেই সেখানে দিক পরিবর্তন করার মতো নতুন পরিস্থিতি এবং উত্তর দেওয়ার মতো নতুন প্রশ্ন তৈরি হচ্ছে, যা সম্প্রদায়কে নিজস্ব সক্ষমতা আরও বৃদ্ধি করতে বাধ্য করছে।

সম্প্রতি অনুষ্ঠিত কাউন্সেলরদের সমাবেশের প্রতি আমাদের প্রেরিত বার্তায় আমরা যেমনটি ব্যাখ্যা করেছি যে, বিগত চার বছরে হওয়া একটি তাৎপর্যপূর্ণ উন্নয়ন হল নয় বর্ষীয় পরিকল্পনার অগ্রগণ্য ও দৃশ্যমান নায়ক হিসেবে সম্প্রদায়ের উদয়, যেখানে সম্প্রদায় প্রয়াসসমূহের বিশেষ বিশেষ প্রয়োজন মেটাতে এবং নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে এগিয়ে যেতে নিজেদের সুসংগঠিত করছে, সহযোগিতার এক সুনিবিড় কাঠামোর মধ্য দিয়ে একে অপরকে সমর্থন যোগাচ্ছে, এবং কর্মকাণ্ডের এক বিবর্তনশীল কাঠামোর অধীনে নিজেদের কার্যকারিতা বৃদ্ধিতে ব্রতী হচ্ছে। এর একটি উজ্জ্বল উদাহরণ হলো যুবকদের বিভিন্ন দল, যারা নিজ নিজ এলাকায় একতাবদ্ধ হয়ে কাজ করছে এবং তাদের সমবয়সীদেরও এতে অংশ নিতে উৎসাহিত করছে। স্বাভাবিকভাবেই, তাদের প্রচেষ্টাগুলি প্রতিষ্ঠানসমূহের স্নেহপূর্ণ উৎসাহ ও দিক দিকনির্দেশনার দ্বারা অত্যন্ত উপকৃত হচ্ছে, তবে পাশাপাশি যুবরা নিজেরাও উদ্যোগ নেওয়ার এবং সেবামূলক কাজের ফলপ্রসূ পথ খুঁজে বের করার সামর্থ্য প্রদর্শন করেছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, তাদের প্রয়াসগুলি সংঘর্ষ ও বিশৃঙ্খলা, অর্থনৈতিক বৈষম্য, এবং গভীর সামাজিক বিভাজনের পটভূমিতে সংঘটিত হচ্ছে। এই বৈরী পরিবেশে যুবরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি। আমরা তাদের প্রশংসা করি এই কারণে যে, তারা এই অবস্থার সমালোচনা বা নিন্দা করার প্রবৃত্তিকে প্রতিহত করে, এই সুকঠিন বাধাগুলিকে সুকৌশলে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার এবং অবশেষে সেগুলিকে পরাজিত করার উদ্দেশ্যে গঠনমূলক পথ খুঁজে নিচ্ছে।

সুপ্রিয় বন্ধুগণ, এই সময় যতই উত্তাল ও অশান্ত হোক না কেন, আমরা আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি যাতে আপনারা শংকিত বা হতাশ না হন। আব্দুল-বাহা আমাদের সকলকে উপদেশ দিয়েছেন যেন আমরা ঈশ্বরের বদান্যতার উপর নির্ভর করি, এবং "সর্বদা আশাবাদী" হই, নিজেদের আশায় "অটল" হই, এবং "হতাশাগ্রস্ত আত্মার অন্তরে আশার প্রদীপ" হয়ে উঠি।। বিশ্বের দিগন্ত যখন অন্ধকারাচ্ছন্ন হয়, তখন আশা এক দুর্লভ ও অমূল্য সম্পদে পরিণত হয়—কিন্তু মানবতার ভবিষ্যৎ সম্পর্কে দৃঢ় প্রত্যয়ের কারণে এবং নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষালাভের ফলে মহোত্তম নামের সম্প্রদায় এই সম্পদ দ্বারা পরিপূর্ণরূপে আশীর্বাদিত। বিশ্বের অগণিত তৃষ্ণার্ত হৃদয় আজ আপনাদের সেই আশার বাণীর প্রতীক্ষায় উন্মুখ।

আশার শিখাকে যারা দীর্ঘকাল যাবৎ সযত্নে লালন করে আসছেন, সেই সম্প্রদায়ের এক স্বর্ণোজ্জ্বল দৃষ্টান্ত খুঁজতে আমরা তাকিয়ে থাকি প্রভুধর্মের উৎপত্তিস্থলে বসবাসকারী বাহা'উল্লাহ্'র অনুগামীদের দিকে, যারা অবিচারের শিকার হওয়া সত্ত্বেও সদা ধৈর্যশীল, সদা অবিচল, চির-অদম্য, সদা সহনশীল। দেখুন, তারা কতই না শৃঙ্খলাপরায়ণ, দশকের পর দশক ধরে চলা অবিরাম নিপীড়ন সত্ত্বেও তারা কতই না নীতিনিষ্ঠ—এবং অন্যান্য দেশে তাদের সহ-বিশ্বাসীদের অগ্রগতি থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তারা কতই না স্থিরসংকল্প, তাদের নিজেদের দেশের সহ নাগরিকদের সেবা ও সান্তনা প্রদান করতে তারা কতই না দৃঢ়প্রতিজ্ঞ। অতীতে ও বর্তমানে, তাদের অসংখ্য স্বদেশবাসীর কাছে তারা আশার আলোকবর্তিকা, করুণা ও অন্তর্দৃষ্টির প্রস্রবণ, এবং সেবার পথে বিশ্বস্ত সঙ্গী। বিগত কয়েক মাস ও সপ্তাহ ধরে আমাদের অত্যন্ত প্রিয় এই বন্ধুগণ প্রতিনিয়ত আমাদের ভাবনায় বিরাজ করছেন এবং আমাদের বিশেষ প্রার্থনায় ক্রমাগত স্থান পাচ্ছেন। আমরা নিশ্চিত যে আপনারাও একইভাবে সেই চির-দয়াময় প্রভুর কাছে প্রার্থনা করছেন—তিনি যেন তাঁদেরকে তাঁর পরম মমতায় আগলে রাখেন।

প্রভুধর্মের অগ্রগতির উদ্দেশ্যে আপনাদের প্রয়াসগুলিও পবিত্র দ্বারপ্রান্তে আমাদের প্রার্থনাতে কিছু কম স্থান পাচ্ছে না—বিশেষ করে এখন, যখন নয় বর্ষীয় পরিকল্পনার এক নতুন পর্যায় শুরু হতে যাচ্ছে। যখনই আমরা পবিত্র সমাধিসমূহে গমন করি, তখনই আমরা আপনাদের প্রচেষ্টার জন্য দিব্য সাহায্য ও সহায়তা কামনা করি, এবং এই শ্রমসাধ্য কর্মে আপনাদের জন্য সহিষ্ণুতা ও শক্তি প্রার্থনা করি। আপনারা যেন ক্ষিপ্রতার সাথে কর্মে ব্রতী হন এবং জ্ঞান অন্বেষণে সদা সচেষ্ট থাকেন; এবং আপনারা যেন স্বর্গ রাজ্যের সমস্ত আশীর্বাদ লাভ করেন।

 

Windows / Mac